
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলা-এ উপজেলা প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে শত শত একর কৃষিজমির ধান। দীর্ঘদিন জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ফলে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (০৩ মে ২০২৬) উপজেলার মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের সংযোগস্থল মহিসখোলার বিলে প্রায় ৫০০-৬০০ একর জমির ফসল এক ব্যক্তির অবৈধ বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ে। পানি বের হতে না পারায় পুরো বিল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমের নির্দেশনায় দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য অফিসের প্রতিনিধি, বিএডিসির প্রকৌশলী, গৌরনদী মডেল থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
অভিযানের মাধ্যমে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হলে দ্রুত পানি নিষ্কাশন শুরু হয়। এতে করে কৃষিজমি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এসময় ক্ষতিগ্রস্ত কৃষকরাও স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “পাবলিক ইজমেন্ট” বা জনসাধারণের ব্যবহারাধিকারের বিষয়টি বিবেচনায় রেখে কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড আইন ও মানবতার পরিপন্থী। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে।