
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:মোঃ ফজর আলী ঢাকার ধামরাই উপজেলায় এক গৃহকর্মীকে মুখ চেপে ধরে
নির্জন কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই
বাদী হয়ে ধামরাই থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার বাইশাকান্দা
ইউনিয়নের গোলাকান্দা গ্রামের মোকছেদ আলীর ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নূরজাহান (২৯) ধামরাইয়ের
যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারের একটি হোটেলে কাজ করেন। গত ২৮ জুন সকালে
তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে
পৌঁছালে অভিযুক্ত শফিকুল ইসলাম পেছন থেকে এসে তার মুখ চেপে ধরেন।
এরপর চাকু ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে রাস্তার পাশে একটি কলাবাগানে তাকে
টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শফিকুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন
বলে এজাহারে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর শফিকুল ইসলাম তাকে হুমকি দিয়ে বলেন, এই ঘটনার
কথা কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে তাকে প্রাণনাশ করা হবে। ভয়ে প্রথমে
বিষয়টি প্রকাশ না করলেও পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের
পরামর্শে তিনি থানায় গিয়ে এজাহার দায়ের করেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো
হচ্ছে। এ বিষয়ে ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন,
ভুক্তভোগীর দেওয়া এজাহারের ভিত্তিতে অভিযোগটি রেকর্ড করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর কঠোর শাস্তির দাবি
জানিয়েছেন।