
থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে বলিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে, বিএনকেএস এনজিওর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত "অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (PRLC)" প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য অংসিংম্যা মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি উপ-সহকারী মেডিকেল অফিসার মিথোয়াইচিং মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উশৈসিং সচিন মারমা এবং সংরক্ষিত মহিলা সদস্য মুইক্রাপ্রু মারমা। এছাড়াও বিএনকেএস এনজিওর কর্মী মংক্য ওয়াং মারমাসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএনকেএস এনজিওর পিআরএলসি প্রকল্পের সুপারভাইজার সাথোয়াইপ্রু মারমা।
সংলাপে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা বিভিন্ন ভাতা ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সেবাদাতা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় ও অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের সংলাপ জনগণের মতামত তুলে ধরার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে মুক্ত আলোচনা করেন এবং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
।