
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা–এর উদ্যোগে সন্দ্বীপ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার বে ভিউ গার্ডেনে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর মোহাম্মদ ইসমাইলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সন্দ্বীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে মাদক নির্মূলে কঠোর নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। তারা মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।
এছাড়া সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সক্রিয় ভূমিকা এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।