তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্লাবভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “কিশোর-কিশোরীদের সুস্থ, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্লাবগুলোর কার্যক্রম আরও বেগবান করতে হবে। বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এসব ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি সমাজ গঠনে কিশোর-কিশোরীদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে ক্লাবের কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।


