তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের পাঁচ দিন পর মো. মিলন (৩৩) নামে এক অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকার একটি খাল থেকে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি বগুড়া শহরে বসবাস করে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বগুড়া থেকে নিখোঁজ হন অটোরিকশাচালক মিলন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শুক্রবার সকালে বেড়খালি এলাকার একটি খালের পাশে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। পরে কচুরিপানার নিচে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা জানান, মরদেহটি অনেকটাই ফুলে-পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলনকে হত্যা করে মরদেহটি খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
খবর পেয়ে নিহতের স্ত্রী ও শ্যালক তাড়াশ থানায় এসে মরদেহটি মিলনের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় তাড়াশ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।








