এসএসসিতে ১১৯৩ নম্বর পেয়ে তাড়াশে প্রথম পিয়াস
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:এসএসসি পরীক্ষায় ১১৯৩ নম্বর পেয়ে তাড়াশ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পিয়াস কুমার সূত্রধর। বিজ্ঞান বিভাগ থেকে তার এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
পিয়াস কুমার সূত্রধর সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করেই সে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে।
পিয়াসের বাবা গৌর চরণ সূত্রধর ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, “ছেলের এমন ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পিয়াসের কঠোর পরিশ্রম রয়েছে।”
পিয়াস কুমার সূত্রধর জানায়, প্রতিদিন নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিয়েছে সে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন প্রতিষ্ঠিত মানুষ হওয়ার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় পিয়াস।
তাড়াশ উপজেলায় প্রথম স্থান অর্জন করায় সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা পিয়াসকে অভিনন্দন জানিয়েছেন। তার এ সাফল্য বিদ্যালয়টির জন্যও গৌরবের বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পিয়াসের এই সাফল্য প্রমাণ করে—মেধা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে সাফল্য অর্জন করা সম্ভব।








