তাড়াশে খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন, নিঃস্ব হতদরিদ্র পরিবার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র এক পরিবারের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের খড় পুড়ে ছাই হয়ে গেছে। গরুর খাবারের খড় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
রবিবার গভীর রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ জসমত আলী। তিনি মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পাশের বাড়ির সাইফুল ইসলাম তার ঘরের জানালা দিয়ে আগুনের আলো দেখতে পান। পরে বাইরে এসে দেখতে পান, জসমত আলীর খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তিনি চিৎকার করে জসমত আলীকে ঘুম থেকে জাগান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই খড়ের পালাটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে জানালা দিয়ে আগুনের আলো দেখতে পাই। সঙ্গে সঙ্গে বাইরে এসে দেখি জসমতের খড়ের পালায় আগুন জ্বলছে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।’
ক্ষতিগ্রস্ত জসমত আলী বলেন, ‘আমি খুবই গরিব মানুষ। মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। অনেক কষ্ট করে গরু কিনে পালন করছি। গরুর খাবারের জন্য প্রায় ৩০ হাজার টাকা দিয়ে খড় কিনে নিজের জায়গায় পালা করে রেখেছিলাম। কে বা কারা শত্রুতা করে আমার খড়ের পালায় আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এখন গরুগুলোকে কী খাওয়াব, বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তবে গ্রামের সামাজিক বিষয় নিয়ে কিছু দ্বন্দ্ব রয়েছে। এর কারণেই কি আমার খড়ের পালা পুড়িয়ে দেওয়া হয়েছে, জানি না।’
জসমত আলী আরও জানান, এ ঘটনায় তিনি তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





