তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বৃক্ষরোপণ, যুব সমাবেশ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল-সংলগ্ন বরইতলা এলাকায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী রাজিব আহমেদ মাসুমের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে বরইতলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজিব আহমেদ মাসুম বলেন, “যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার এই ক্ষুদ্র আয়োজন। আমি দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। সর্বোপরি তাড়াশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাওয়াই তাঁর প্রত্যাশা।
পরে বাদ জোহর দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল কাইয়ুম।



