রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

তাড়াশে খানকা শরীফের জমিতে স্থাপনা নির্মাণে বাধা, আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় ফুরফুরা দরবার শরীফের শাখা ‘দরবার-এ রেসালাত চিশতিয়া’র ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণে বাধা, আড়াই লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আত্ম-মানবতার সেবা, দেশ ও জাতি গঠন এবং কোরআন-সুন্নাহভিত্তিক সুফিবাদ প্রচারের উদ্দেশ্যে অরাজনৈতিক ও অব্যবসায়িক স্বেচ্ছাসেবী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে দরবার-এ রেসালাত চিশতিয়া। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য ২০২২ সালের ২১ নভেম্বর নওগাঁ রংমহল গ্রামের মোস্তফা সরকারের কাছ থেকে ৮ শতক জমি ক্রয় করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে জমিটির নামজারি সম্পন্ন করে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর ওই জমিতে নতুন স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় মৃত সাত্তার মেম্বারের ছেলে ফারুক,আরিফ,মৃত খসরু পারভেজের ছেলে আঃ সালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধ করার হুমকি দেন। এ সময় প্রতিষ্ঠানের প্রতিনিধি জহুরুল ইসলাম কাজ বন্ধের কারণ জানতে চাইলে ফারুক তাঁর সঙ্গে হিসাব রয়েছে দাবি করে আড়াই লাখ টাকা চাঁদা চান। দাবিকৃত টাকা না দিলে সেখানে কোনো ধরনের নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লুৎফর রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসীর মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর