এম পি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়নবঞ্চনার পরিচিতি পেছনে ফেলে এবার পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) নির্বাচনী এলাকা। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের প্রচেষ্টায় দুই উপজেলায় মাত্র ৮ মাস সময়ে প্রায় শত কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং অসংখ্য উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। রায়গঞ্জের ঘুরকা বাসস্ট্যান্ড থেকে হঠাৎ পারা পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১৬২০ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। তাড়াশ পৌরসভায় ৮ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৭টি আরসিসি রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এমন অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে তাড়াশ-রায়গঞ্জের সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান ও শ্মশানঘাটসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। এসব উদ্যোগের ফলে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি হচ্ছে।
উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংসদ সদস্য ভিপি আয়নুল হক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের কাজের মান বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। কোনো প্রকল্পের কাজে অনিয়ম বা নিম্নমানের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
এদিকে, চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছেন এমন অভিযোগ করছেন সংসদ সদস্যের সমর্থকেরা। উন্নয়নকাজের স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, “রায়গঞ্জ-তাড়াশের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। আমরা সরকারি বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের চেষ্টা করছি। কাজের গুণগত মানের বিষয়ে কোনো আপস করা হবে না। কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আমি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই। পাশাপাশি রায়গঞ্জ-তাড়াশকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও রায়গঞ্জ ও তাড়াশে আরও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।”
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের মতে, দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন সংসদ সদস্য ভিপি আইনুল হক।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের প্রত্যাশা, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে রায়গঞ্জ-তাড়াশে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক সমাজ গড়ে উঠবে। পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এই জনপদ ভবিষ্যতে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।


