সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংঘাতের অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত সন্দ্বীপ: বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নির্বাচনী উত্তাপের মধ্যে সন্তোষপুর ইউনিয়নে একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগে পাল্টাপাল্টি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সন্তোষপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন করে দলটি। এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির ও চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন শিকদার।

তিনি অভিযোগ করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “গতকাল রাতে সন্তোষপুরে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির কর্মীরা ছাত্রশিবিরের তিনজন কর্মীকে পিটিয়ে আহত করেছে।”
এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ফরিদ উদ্দিন নিজামী, জামায়াত নেতা মুসলিম উদ্দিন পাঠওয়ারী, সন্দ্বীপ শহর ছাত্রশিবিরের সভাপতি মুরাদ হোসেন, চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিভাগীয় পরিচালক সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে একই দিন বিকেল ৫টায় সন্দ্বীপ উপজেলা বিএনপি পাল্টা প্রেস ব্রিফিং করে জামায়াতের অভিযোগকে “মিথ্যা ও বানোয়াট” বলে দাবি করে। উপজেলা কমপ্লেক্সে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান।
বিএনপি নেতারা বলেন, “সন্তোষপুরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনায় আহতদের খোঁজখবর নিতে তারা হাসপাতালে গিয়েছিলেন এবং জামায়াত নেতাদের ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।”
তারা অভিযোগ করেন, জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর