আশুলিয়ায় রাস্তার অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে বিএনপি কর্মী সাংবাদিকদের উপর হামলা করে।
মোজাম্মেল হোসাইনঃ সাভার উপজেলা প্রতিনিধি।
রাস্তার অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী আবু তাহেরের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বুধবার বিকেল ৫টার সময় আশুলিয়া থানা পাথালিয়া ইউনিয়নের রহিমপুর এলাকায় সাংবাদিকরা রাস্তার নির্মাণকাজে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে বিএনপি কর্মী আবু তাহের বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে আবু তাহের সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।
সাংবাদিকরা জানান, তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আবু তাহেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তার কাজের অনিয়ম নিয়ে এলাকায় আগে থেকেই নানা অভিযোগ ছিল। সাংবাদিকরা বিষয়টি তদন্ত করতে গেলে তাদের ওপর হামলা করা খুবই নিন্দনীয় ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্হানীয় বাসিন্দা জানান, আবু তাহের একজন চিহ্নিত ইয়াবা কারবারি। সে এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছে। তার সন্ত্রাসী কার্যক্রমে আমরা এলাকাবাসী খুবই অতিষ্ঠ। প্রাণভয়ে আমরা তার বিরুদ্ধে কিছু বলতে এবং প্রতিবাদ করতে পারি না।
ঘটনার পর ভুক্তভোগী মোজাম্মেল হোসাইন (৪২) থানায় অভিযোগ করেন। তিনি বলেন,একজন গণমাধ্যম কর্মীর ওপর হামলা মানে,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর হামলার শামিল। আমরা যদি স্বাধীনভাবে সংবাদ প্রকাশ না পারি,তাহলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


