মাগুরার মহম্মদপুর উপজেলায় সড়কে মৌসুমি ফসল মাড়াই করার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ
মাগুরা প্রতিনিধিঃ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ নিয়েছেন মহাম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শাহানুজ্জামান।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ধানসহ বিভিন্ন ফসল মাড়াই ও শুকানোর কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে করে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
বিষয়টি নজরে আসার পর ইউএনও মুহাঃ শাহানুজ্জামান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং সরকারি সড়কে এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তারা মনে করেন, এ ধরনের কার্যকর পদক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


