নেছারাবাদে অবৈধভাবে খাস জমির মাটি কাঁটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খাস জমির মাটি অবৈধভাবে কাঁটার অভিযোগে তিনটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থল পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাস জমির মাটি কাঁটার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে মাটি কাটার সঙ্গে জড়িত ‘আশা’, ‘মডার্ন’ ও ‘ডায়মন্ড ব্রিকস’ নামের তিনটি ইটভাটার প্রতিনিধিরা অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, সরকারি খাস জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ মাটি কাঁটা কোনোভাবেই সহ্য করা হবে না। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে জব্দ করা চারটি ট্রলারের মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা / মেজিস্ট্রেট, নেছারাবাদ থানা পুলিশ, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।



