মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি :
সন্দ্বীপভিত্তিক ৩৩টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি এনাম নাহার গোলচত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবি ব্যাংকের সামনে ঘুরে সন্দ্বীপ থানা গেটে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।
র্যালি শেষে এনাম নাহার মোড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির প্রায় ৭ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এনাম নাহার মোড় ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আসিফ আখতার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান নওশাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক নজরুল নাইম, অর্থ সম্পাদক আমিন রসুল রিয়াদসহ পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
তারা আরও বলেন, সামাজিক সংগঠনগুলো একযোগে কাজ করলে সমাজের নানা সমস্যা মোকাবিলা করা সম্ভব। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে মাদকমুক্ত, সবুজ ও মানবিক সন্দ্বীপ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।



