বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ
“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৭ জুন, ২০২৬) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে পিরোজপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়োগ বোর্ডের সভাপতি মহোদয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।”
এ সময় পুলিশ হেডকেয়ার্টার্স, ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্যসহ পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।








