মোবাইল না পেয়ে অভিমান, সখীপুরে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ একই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার জন্য মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল আব্দুল্লাহ। মা ফোন দিতে অস্বীকৃতি জানালে সে অভিমান করে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে সন্ধ্যার দিকে তার দাদা জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিশাত শারমিন রিতা জানান, আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। ঘটনার দিনও সে বিদ্যালয়ে এসেছিল। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে








