মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে জলদস্যু দমনে বড় সাফল্য: কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ৭ জন আটক, উদ্ধার ৪৭ লাখ টাকার মালামাল

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি ঃচট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই ২০২৬ বিকেল ৩টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূলীয় এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে এবং ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করে।

এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশের যৌথ উদ্যোগে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গত ৯ জুলাই সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

অভিযানের সময় জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক জলদস্যুদের বিরুদ্ধে জব্দকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যুতা দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর