তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাড়াশ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্ধারিত মাস্টাররোলভুক্ত ১০০ জন উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ. জেড. এম. নাহিদ হোসেন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির লক্ষ্য হলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে এ সহায়তা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও খন্দকার সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্যশস্য বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।








