তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। এছাড়া বক্তব্য দেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, সফল মৎস্যচাষি রবিউল করিম ও আব্দুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, তাড়াশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি গ্রহণ করতে হবে। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্যচাষিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মৎস্যচাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।






