সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরকে মাদকের সঙ্গে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
শাহ আলম ফকিরের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মাদকের সঙ্গে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো ভিত্তি নেই। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই-বাছাই করা উচিত। কিন্তু যাচাই না করেই ভুয়া আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও নিন্দনীয়।
শাহ আলম ফকির আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা ছবি বা পোস্টার ব্যবহার করে কাউকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচার শুধু একজন ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকেও উৎসাহিত করে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্ট ও তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


