তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময়
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:চলনবিল পুনরুদ্ধার ও এলাকার ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তানভিরুল হক।
পানি সম্পদ মন্ত্রণালয়ের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং পাবলিক ট্রাস্ট সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, ভূমি ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন অধিদপ্তরের সিনিয়র স্পেশালিস্ট মোহাম্মদ তানভিরুল হক, সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসাইন, বাফার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মেহরাজুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী ও খালগুলোকে অবৈধ দখলমুক্ত করতে হবে। পাশাপাশি বিলের ফসলি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং নদী-খাল দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি চলনবিলের পরিবেশ, পানি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।


