তাড়াশে রাতের আঁধারে সরকারি চারটি গাছ উধাও, দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জায়গায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের চারটি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার তালম ইউনিয়নের মেলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তরা হলেন, মেলাপাড়া গ্রামের তোকাব্বরের ছেলে গোলাম রব্বানী এবং শিবপাড়া গ্রামের বাদশা মোল্লার ছেলে মুকুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জায়গায় বেড়ে ওঠা চারটি ইউক্যালিপটাস গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যান অভিযুক্তরা। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে দাবি স্থানীয়দের।
এদিকে সরকারি গাছ কাটার প্রতিবাদ করতে গিয়ে হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তালম গ্রামের রেজাউল মাস্টার। তাঁর অভিযোগ, জনস্বার্থে গাছ কাটতে নিষেধ করলে অভিযুক্ত দুই ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে তালম ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ বলেন, সংশ্লিষ্ট ভূমি অফিসের লিখিত প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, গাছ কাটার ঘটনার পর অভিযুক্ত দুই ব্যক্তিকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সরকারি সম্পদ রক্ষায় ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



