লক্ষ্মীপুর কালিরচর গ্রামের কয়েক হাজার মানুষের আকুতি—চলাচলের জন্য একটি ব্রিজের দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলার সদর আংশিক ও রায়পুর উপজেলা নিয়ে গঠিত টুমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালিরচর গ্রাম আজও রয়ে গেছে চরম অবহেলায়। কয়েক হাজার মানুষের বসবাস এই গ্রামে। রয়েছে একটি ছোট বাজার, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি নুরানি মাদ্রাসা, মসজিদসহ একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে গ্রামবাসীর দৈনন্দিন জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

বিশেষ করে বর্ষা মৌসুম এলেই কালিরচর গ্রামের মানুষের জীবনে নেমে আসে ভয়াবহ দুর্ভোগ। কাঁচা ও ভাঙাচোরা রাস্তা এবং খাল-পারাপারের কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্কুল ও মাদ্রাসাগামী কোমলমতি শিশুদের চলাচল হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। অনেক সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না, ব্যাহত হয় তাদের শিক্ষা কার্যক্রম।
স্বাধীনতার পর দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগলেও আজও পরিবর্তন আসেনি এই অবহেলিত কালিরচর গ্রামে। অথচ লক্ষ্মীপুর জেলায় শাক-সবজি উৎপাদনের জন্য খ্যাত এই গ্রাম। সবজি চাষই এখানকার মানুষের আয়-রোজগারের প্রধান অবলম্বন। কিন্তু সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না, ফলে ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, একটি ব্রিজ ও সড়ক মেরামত হলে কালিরচর গ্রামের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ হবে এবং সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
এ বিষয়ে কালিরচর গ্রামের বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন—অতিদ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের মাধ্যমে এলাকার নিরীহ মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।







