তাড়াশে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিরাতের মতো আমরা ঘুমিয়ে পড়লে চোরের দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এবং স্বপ্ল মাত্রার চেতনা নাশক প্রয়োগ করে। এরপর ভোর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে পাশের ঘরের জানালার গ্রিল ভাঙ্গা এবং ঘরের আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তীতে দেখি আলমারিতে নগদ ৩ লক্ষ টাকা ও ২৯ ভরি স্বর্ণাঙ্কারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল চুরি করে করে নিয়ে গেছে চোরের দল।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, এখনো চুরির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







