অসহায় বৃদ্ধের পাশে ইউএনও নুসরাত জাহান, মানবিকতায় এগিয়ে খন্দকার সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি:জীবনযুদ্ধে ক্লান্ত এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলার মানবিক মানুষ খন্দকার সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। মানবিক সহায়তা, খাদ্যসামগ্রী প্রদান, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তারা প্রমাণ করেছেন—প্রশাসনের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানবিক সহানুভূতির হাত বাড়ানোও।
জানা গেছে, তাড়াশ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৬০) দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিন পাড়া-মহল্লায় ঘুরে একবেলা খাবারের ব্যবস্থা করেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ হলেও জীবিকার তাগিদে কখনো কখনো মাঠেও কাজ করতে হয় তাকে।
স্থানীয় সংবাদকর্মীদের নজরে বিষয়টি এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে অবগত করেন। খবর পেয়ে ইউএনও নিজে সরেজমিনে গিয়ে অসহায় ওই বৃদ্ধের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে সরকারি সহায়তা, ঘর নির্মাণ ও চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
এ মানবিক উদ্যোগে সহায়তা করেন এলাকার সমাজসেবক খন্দকার সাইফুল ইসলাম।
এলাকাবাসী ইউএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে কেউ অবহেলিত থাকবে না।
এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে সাইফুল ইসলামের বাড়িতে এসে যা দেখলাম, তা অত্যন্ত মর্মান্তিক। আমরা সর্বদা তার পাশে থাকার চেষ্টা করবো। প্রশাসনের দায়িত্ব শুধু উন্নয়ন নয়, একজন মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের বড় অর্জন।”
Leave a Reply



