২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে নিখোঁজের ২৫ ঘণ্টা পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ পাতিন (৬)। সে কাতারপ্রবাসী মোহাম্মদ ফরহাদের ছেলে এবং বাউরিয়া বাইতুল আমান মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর পাতিনকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ ২৫ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি কচুক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শিশু পাতিনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে পুরো সন্দ্বীপজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
Leave a Reply




