ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তাড়াশ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
বর্ণাঢ্য এ শোভাযাত্রার উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, বিএনপি নেতা ওবায়দুল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি এফ এম শাহ আলম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সামাজিক ঐক্য বজায় রেখে উৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে হবে। নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ।




