বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি
বগুড়া, ২ জুলাই ২০২৬: বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি সজিবুল আলম সজীবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
সংগঠন দুটির এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একজন ঠিকাদার ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে সাংবাদিক সজিবুল আলম সজীবের ওপর হামলা চালায়। হামলার পর উল্টো তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে উদ্বেগজনক, নিন্দনীয় এবং আইনের শাসনের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
একই সঙ্গে দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠন দুটি।
বিবৃতিতে হামলার শিকার সাংবাদিক সজিবুল আলম সজীবের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা-হয়রানির ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।








